আজ ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নূরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এর আগে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে কর্মরত ছিলেন, নতুন নিয়োগের সঙ্গে সঙ্গে সেই পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে সই করেন বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ১৯৭৩ সালের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশের ১১(১) ধারা মেনে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ—এ দুইয়ের মধ্যে যেটি আগে আসে, ততদিন পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। বর্তমান পদের সমান বেতন-ভাতা ও বিধিমোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধাও তিনি পাবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়, প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা রাখেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ