ধ্রুব সেন রাজ,নিটার প্রতিনিধি:
জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউটের (নিটার) কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত নিটার প্রিমিয়ার লীগ (ফুটবল) ২০২৬-এর ফাইনাল ম্যাচে এফসি কালাকে ১–০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে কাইজান কিংস।
আজ ১৮ আগস্ট ২০২৬ খ্রি. (মঙ্গলবার) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন নিটারের পরিচালক ড. মো. আশেকুল আলম রানা সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য কাইজান কিংসের তাকি সিয়াম প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন এফসি কালার শ্রেয়াস সরকার। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন এফসি কালার অধিনায়ক সাগর শিকদার।
এদিকে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন কাইজান কিংসের নাঈম। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেছেন পাওয়ার শুটারসের ফারদিন। আর সেরা ম্যানেজার নির্বাচিত হয়েছেন এফসি কালার অমর্ত্য চৌধুরী।