আজ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

নিটার ও চীনের ঝেজিয়াং সায়েন্স-টেক ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি

জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইনস্টিটিউট (নিটার) এবং চীনের ঝেজিয়াং সায়েন্স-টেক ইউনিভার্সিটির (জেডএসটিইউ) স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এসএফডিই) মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) মাধ্যমে এ সহযোগিতার উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব খোরশেদ আলম, নিটারের পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানা, ঝেজিয়াং সায়েন্স-টেক ইউনিভার্সিটির স্কুল অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ভাইস ডিন প্রফেসর জু কিউঝি (Professor Xu Qiuzhi) এবং চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্সেসের উপপরিচালক ড. ডং ওয়েনজু (Dr. Dong Wenzu)।

সমঝোতা স্মারকের আওতায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও গবেষণাপত্র প্রকাশনা, সেমিনার ও একাডেমিক সভায় অংশগ্রহণ, একাডেমিক উপকরণ ও তথ্য বিনিময় এবং স্বল্পমেয়াদি একাডেমিক ও পেশাগত কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে। পাশাপাশি যৌথ গবেষণাগার ও ব্যবহারিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক আগ্রহের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি অনুযায়ী, সমঝোতা স্মারকটি সর্বশেষ স্বাক্ষরের তারিখ থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। উভয় পক্ষের পারস্পরিক লিখিত সম্মতির মাধ্যমে এর মেয়াদ সংশোধন বা বর্ধিত করার সুযোগ রাখা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ