আজ ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

উচ্ছ্বাস-আনন্দে মুখর নিটার, জমকালো আয়োজনে সিএসই ডে উদযাপন

ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত সিএসই ডে। দিনব্যাপী এ আয়োজনের সাংস্কৃতিক পর্বে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, নাটক ও র‍্যাম্প শোসহ নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

গতকাল রবিবার (১৬ আগস্ট ২০২৬) নিটার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সিএসই ডে-এর দিনব্যাপী আয়োজন। দুপুর ২টা ৩০ মিনিটে খাবারের পর্ব শেষ হওয়ার পর বিকেল ৫টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই ১৫ ব্যাচের আনিকা তাহসিন ও দিনমণি নৃত্য পরিবেশন করেন। এরপর ১৬ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তির মাধ্যমে এগিয়ে যায় অনুষ্ঠান।

পর্যায়ক্রমে গান ও নাটকের পরিবেশনা অনুষ্ঠিত হয়। নাটকে অংশ নেন ১৬ ব্যাচের তিনজন শিক্ষার্থী এবং ১৫ ব্যাচের আল সাদিয়া আফরিন। পরে ১৫ ব্যাচের বিশ্বজিৎ শীল সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এরপর ১৫ ও ১৬ ব্যাচের শিক্ষার্থীরা গান ও কবিতা পরিবেশন করেন। সন্ধ্যা ৬টায় ১২ ব্যাচের ভাইদের দ্বৈত নৃত্য পরিবেশিত হয়। এর মধ্য দিয়ে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে বিরতিতে যায় আয়োজন।

বিরতির পর রাত ৭টায় আবারও শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। এ পর্বে সাদিয়া, আনিসা, জেহাদ, সাকী ভাই ও রাফির অংশগ্রহণে নাটক পরিবেশন করা হয়। এরপর পর্যায়ক্রমে ১২ ব্যাচের আপুদের নৃত্য, কবিতা আবৃত্তি এবং ভাইদের নৃত্য পরিবেশন করা হয়। রাত ৮টায় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রবেশ করে শেষভাগে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রাত ৮টা ৪০ মিনিটের র‍্যাম্প শো। এতে নাসরিন, রেডনি, জেহাদ, আনিকা ও দিনমণিসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। রেডনি ও জেহাদের জুটি র‍্যাম্প, ১২ ব্যাচের আসিক ভাই ও ১৬ ব্যাচের আনিসার জুটি র‍্যাম্প, আনিসা ও সাকী ভাইয়ের একক র‍্যাম্প এবং ১৬ ব্যাচের দলীয় র‍্যাম্প দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করে। বৈচিত্র্যময় পরিবেশনায় র‍্যাম্প শোটি পুরো সাংস্কৃতিক আয়োজনের অন্যতম আকর্ষণে পরিণত হয়।

রাত ৯টা ৩০ মিনিটে ‘অ্যানেস্থেশিয়া’ ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ পর্যায়। ব্যান্ডটির পরিবেশনায় পুরো আয়োজনস্থল হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে শেষ হয় সিএসই ডে-এর সাংস্কৃতিক পর্ব।

দিনব্যাপী এ আয়োজনের শেষদিকে নিটারজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ, সিনিয়র-জুনিয়রদের পারস্পরিক সম্প্রীতি এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা সিএসই ডে-কে নিটারের শিক্ষার্থীদের জন্য স্মরণীয় একটি দিনে পরিণত করে। সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সিএসই ডে শুধু একটি বিভাগের আয়োজন না হয়ে নিটারের শিক্ষার্থীদের মিলন, আনন্দ ও সৃজনশীলতার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে প্রতিফলিত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ