আজ ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

আগামী ২৫ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিনামূল্যে রক্ত পরীক্ষা ও রক্তদান কর্মসূচি

পলি আক্তার, জবি প্রতিনিধি:

দেশে থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হচ্ছে এক বিশেষ সচেতনতামূলক সেশন ও রক্তদান কর্মসূচি। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে।

আয়োজন এর মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে প্রতি ৯ জনের মধ্যে ১ জন থ্যালাসেমিয়ার বাহক হওয়ায় এ প্রাণঘাতী রোগ প্রতিরোধ ও রক্তের ঘাটতি মেটাতে শিক্ষার্থীদের সচেতন করা।
কর্মসূচি অনুযায়ী দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান চলবে সকাল ৮:৩০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত। পাশাপাশি সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকবে থ্যালাসেমিয়া বিষয়ক সচেতনতামূলক বিশেষ সেশন ও আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা।

উল্লেখ্য যে, সেশনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অফিসিয়াল সার্টিফিকেট প্রদান করা হবে এবং কুইজের সেরা ৫ জন বিজয়ী পাবেন বিশেষ পুরস্কার ও শুভেচ্ছা স্মারক।
স্বেচ্ছায় রক্তদাতাদের জন্য এ কর্মসূচীতে থাকছে বিশেষ স্বাস্থ্য সুবিধা। এছাড়া রক্তদাতারা সম্পূর্ণ বিনামূল্যে হেপাটাইটিস বি, অ্যান্টি-এইচবিসিএবি, হেপাটাইটিস সি, এইচআইভি, সিফিলিস এবং ম্যালেরিয়াসহ ৬টি গুরুত্বপূর্ণ সংক্রামক ব্যাধির টেস্ট রিপোর্ট পাবেন। এছাড়া তাঁদের জন্য পুষ্টিকর স্ন্যাকস ও বিটিএফ কো-ব্র্যান্ডেড ওয়াটার বোতল উপহার হিসেবে রাখা হয়েছে। নারী শিক্ষার্থীদের জন্য থাকছে সম্পূর্ণ পৃথক, নিরাপদ ও প্রাইভেট রক্তদানের বিশেষ ব্যবস্থা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের জবি ক্যাম্পাস প্রতিনিধি পিয়োস সাহা তিনি বলেন, “থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের এক ফোঁটা রক্ত যদি একটি মানুষের জীবন বাঁচাতে পারে তবে তরুণ সমাজকেই এতে সবার আগে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যৌথ উদ্যোগের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে রক্তদানের তাগিদ এবং থ্যালাসেমিয়া নিয়ে সঠিক ধারণা পৌঁছে দিতে চাই। আশা করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচিকে সফল করবেন।”

আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, সনদপত্র নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।”

“আপনার মাত্র ১ ব্যাগ রক্ত বাঁচিয়ে দিতে পারে একটি নিষ্পাপ প্রাণ” এই বার্তা সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের উক্ত কর্মসূচীতে অংশ নিয়ে থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়ায় অবদান রাখার আহ্বান জানানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ