আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুরে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আল আমিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আল আমিনের ছোট ভাই জুয়েল জানান, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক শিশুর পায়ে অন্য এক শিশু আঘাত করলে তাকে চড় মারা হয়। এ নিয়ে ওই শিশুর বাবা লতিফের কাছে বিচার দেওয়া হলে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
জুয়েলের অভিযোগ, শুক্রবার বিরোধ মীমাংসার জন্য তিনি এগিয়ে গেলে কয়েকজন তাঁকে মারধর করেন। এর জের ধরে শনিবার বিকেলে কয়েকজন তাঁদের বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকেন। এ সময় আল আমিন এর প্রতিবাদ করলে ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় আল আমিনের মাথায় গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ছোট ভাই জুয়েল, রানা মিয়া (৩০) ও রবিন মিয়া (২৫)। রবিন মিয়া তোফাজ্জল মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিহতের পরিবারের অভিযোগ, আব্দুর নুর, লতিফ, আব্দুল কুদ্দুস, সুলতান, মহিবুর, মোফাজ্জল, আতাবুর, আব্দুর শহীদ ও জাকিরসহ কয়েকজনের নেতৃত্বে এই হামলা চালানো হয়।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।