পলি আক্তার, জবি প্রতিনিধি:
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ প্রক্রিয়া কোনো অবস্থাতেই ম্যানেজিং কমিটির হাতে না দেওয়াসহ ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন (জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা। একই সাথে বিগত তিন বছর ধরে ঝুলে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি অনতিবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
আজ, (১১ আগস্ট) ২০২৬ বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন মুন্না এবং একই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী হাসান সজিব কর্তৃক আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, “এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তর করা যাবে না। অনাগত দিনে এ ধরনের জনবিরোধী ও বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকতে হবে।
শিক্ষার্থীরা আরো জানান, চাকরিপ্রার্থী বেকার শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে বিগত ৩ বছর ধরে আটকে থাকা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দ্রুত জারি করতে হবে। এছাড়া সরকারি ও বেসরকারি সব ধরনের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি বন্ধে ডিভাইসধারী ও অসাদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করা।”