ধ্রুব সেন রাজ, নিটার প্রতিনিধি:
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) সাংবাদিক সমিতির নবনির্বাচিত পঞ্চম কার্যনির্বাহী পরিষদ প্রতিষ্ঠানের পরিচালক ড. মোঃ আশেকুল আলম রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় তারা নতুন কমিটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যাম্পাসে দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নিটারের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী, নিটার সাংবাদিক সমিতির মডারেটর ও প্রভাষক প্রসেনজিৎ সেন, কো-মডারেটর ও প্রভাষক মোঃ রেদওয়ানুল ইসলাম। উপস্থিত ছিলেন সমিতির নবনির্বাচিত সভাপতি মিঠুন চন্দ্র দাস মিঠু, সহ-সভাপতি লাবিবা সালওয়া ইসলাম, সাধারণ সম্পাদক সিফার হায়দার শিবিবসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য।
পরে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” মহাকর্মসূচির অংশ হিসেবে নিটার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে পাঁচটি ফলদ বৃক্ষ—একটি কদবেল, দুটি থাই পেয়ারা, একটি কুল-বরই ও একটি বারমাসি কাগজি লেবু এবং দুটি শিউলি ফুলের গাছ রোপণ করা হয়।