নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভার সাব-রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ এনে এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। এসময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।
রোববার (৩ মে) আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (রেজিস্ট্রেশন) হাসান মাহমুদুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আযিজুর রহমানের যৌথ স্বাক্ষরে এক অফিস আদেশে এ জারি করা হয়।
এসময় অফিস আদেশে উল্লেখ করা হয়, সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সাব-রেজিস্ট্রার মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) এর অধীন ‘অসদাচরণ’ ও বিধি ৩ (ঘ) এর অধীন ‘দুর্নীতি পরায়ণ’ এর আওতাভূক্ত অপরাধের অভিযোগে বিভাগীয় মামলা নং-০১/২০২৬ রুজু করা হয়েছে।
এসময় অফিস আদেশে আরো উল্লেখ করা হয়, বিভাগীয় মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাকির হোসেনকে মহা-পরিদর্শক, নিবন্ধন-এর কার্যালয়ে সংযুক্ত করা হলো। এসময় তাকে দ্রুত বর্তমান কর্মস্থল ত্যাগ করে মহাপরিদর্শক, নিবন্ধন কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
উল্লেখ্য, সাভার সাব-রেজিস্টার জাকির হোসেনের বিরুদ্ধে অফিস স্টাফকে থাপ্পড় মারার একটি ভিডিও ভাইরাল হয়। এছাড়াও তার বিরুদ্ধে সংবাদ প্রচার করায় স্থানীয় এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ রয়েছে।