নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাই গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ধামরাই পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় একটি দোতলা ভবনের নিচতলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সুমনা বাদশা (৪৫) ও তার স্বামী বাদশা মিয়া (৫৫)।
স্থানীয়রা জানান, রাত ১০ টার দিকে পৌর এলাকার কিষাণ নগর মহল্লায় বাদশার বাড়িতে বিকট শব্দ হয়। পরে প্রতিবেশীরা বাদশার বাসায় আসলে ওই দম্পতিকে দগ্ধ অবস্থায় দেখতে পায়। এসময় দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেশী অসীম ঘোষ বলেন, রাতে বাদশার স্ত্রী রান্না করতে যায়। এসময় হঠাৎ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে৷ এতে ওই বাড়ির রান্না ঘরে ক্ষতি হয়েছে। এছাড়া বাদশার হাত ও তার স্ত্রী দগ্ধ হয়েছে৷ পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান বলেন, রাত ১০ টার দিকে স্থানীয়রা বিস্ফোরণের খবর দিলে ধামরাই ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘটনাস্থলে যায়৷ সেখানে কোনো আগুন ছিল না। রান্না ঘরে বিস্ফোরণের কারণে ওই বাড়ির গ্যাসের লাইনের রাইজার বন্ধ করা হয়েছে এবং দুইটি লিকেজ ছিল তা বন্ধ করা হয়েছে। তবে এঘটনায় এক দম্পতি দগ্ধ হয়েছে বলে জানাতে পেরেছি এবং তাদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।