মো: ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে একটি অনুমোদনহীন কারখানায় তৈরি হচ্ছে সন্দেশ নামে ভেজাল শিশু খাদ্য। রঙিন প্যাকেটে মুড়ানো এসব খাদ্য স্থানীয় পাড়া মহল্লা ও হাটবাজারের দোকানগুলোতে সরবরাহ করা হচ্ছে দেদারসে। কোনপ্রকার বৈধ কাগজপত্র না থাকলেও প্রকাশ্য এমন ভেজাল খাবার তৈরি ও বাজারজাত করা হচ্ছে প্রতিদিন।
সরেজমিনে দেখা গেছে, জেলার কালিয়াকৈর উপজেলাধীন শ্রীফলতলী এলাকায় স্থানীয় ব্যবসায়ী শুভরাজ কালিয়াকৈর-ধামরাই সড়কের পাশে টিনশেডের একটি ঘরে তৈরি করছেন এসব পণ্য। চারপাশে নিরাপত্তা বেষ্টনী দিয়ে দিন রাতে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে সন্দেশ তৈরির কাজ। মেয়াদোত্তীর্ণ দুর্ঘন্ধ মিষ্টি ও রস ব্যবহার হচ্ছে সন্দেশ তৈরিতে।শুভরাজের তৈরি এই খাদ্যের উৎপাদন বন্ধ লাইসেন্স না থাকায় কারখানায় একাধিকবার অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে কারখানা বন্ধ করে দেয়া হলেও শুভরাজ সন্দেশ উৎপাদন ও বিক্রি থামেনি।
ওই এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এই কারখানায় অস্বাস্থ্যকর ভাবে সন্দেশ তৈরি হচ্ছে। মাঝে মাঝে অনেক পচা দুর্ঘন্ধ ছড়ায়। এসব খাবার ট্রাক ভরে নিয়ে যাওয়া হয় বাজারে।
নাম প্রকাশ না করে আরও এক বাসিন্দা জানান, সড়কের পাশে একদিকে ধুলোবালি অন্যদিকে অস্বাস্থ্যকর দ্রব্য ব্যবহার করে এসব খাবার তৈরি করছে। পরে সেগুলো এমন ভাবে রঙিন প্যাকেটে মুড়িয়ে বাজারে ছেড়ে দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন স্কুলের পাশে থাকা দোকানগুলোতে এই খাবার দেখা যায়।
এ ব্যাপারের ওই কারখানার মালিক শুভরাজের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলে তাকে পাওয়া যায়নি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচ এম ফখরুল হোসাইন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। বিষয়টি দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।