আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৬ ইং

ধামরাইয়ে আড়াই কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে আনুমানিক আড়াই কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ কেতাবুল ইসলাম (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৯ টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকায় নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার কেতাবুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ধামরাইয়ের ওই বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করে মাদকের কারবার করতেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেতাবুল নামের ওই মাদক কারবারিকে নজরদারিতে রাখা হয়। পরে নানা ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করে আজ সকালে তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় তার হেফাজতে থাকা ২ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য আড়াই কোটি টাকার।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, এসব হেরোইন সাভার, আশুলিয়া, ধামরাই ও মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় চালান করা হতো। গ্রেপ্তার ওই মাদক কারবারির সাথে কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ