আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

মানিকগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতে জামায়াতের ব্যতিক্রমী উদ্যোগ 

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের বড় সুরুন্ডী তালতলা এলাকায় প্রায় ১ কিলোমিটার দীর্ঘ একটি ভাঙাচোরা সড়ক সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে স্থানীয় জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে সংগঠনের শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সংগঠনের মানিকগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য ও পৌর শাখার আমীর মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে সড়কটির সংস্কার কাজ পরিচালিত হয়। দীর্ঘদিন ধরেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে রাতে পথচারীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো।

হুমায়ুন কবীর জানান, “দীর্ঘদিন ধরে এই সড়কটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে ছিল। আমাদের নেতা-কর্মীরা পুরোপুরি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এটি মেরামত করেছেন। এখন সাধারণ মানুষ এর সুফল ভোগ করছেন।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ কেবল একটি রাস্তা সংস্কার নয়, বরং সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও সচেতনতার একটি প্রতিফলন। ভবিষ্যতে পৌরসভার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামতের পরিকল্পনাও রয়েছে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রজন্মের মধ্যে সামাজিক সচেতনতা গড়ে তুলতেই তারা এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তা মেরামতের ফলে তারা অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন। তাদের মতে, এটি একটি প্রশংসনীয় সামাজিক উদ্যোগ, যা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।

এই স্বেচ্ছাশ্রমভিত্তিক সংস্কারকাজে অংশ নেন পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, আবু তালহাসহ শতাধিক জামায়াত নেতা-কর্মীরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ