আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

সামসুল গ্রেফতার, সহযোগীদের বিচারের দাবি

অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে নির্যাতনচেষ্টার অভিযোগে সামসুল হক (৫৫) নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শুধু মূল অভিযুক্ত নয়, তাকে রক্ষায় সালিশে জড়িত পাঁচজন সহযোগীরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গ্রেফতার সামসুল, পুলিশের দ্রুত পদক্ষেপ
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকার ধামরাই উপজেলার কুল্লাই ইউনিয়নের আড়ালিয়া গ্রামে সামসুল হকের বড় মেয়ে শাহনাজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, অভিযোগ পাওয়ার পর এসআই পরিমল সূত্রধরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
“এ ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করি,” বলেও জানান ওসি।
গ্রাম্য সালিশে আপসের চেষ্টা, জনরোষ
স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি ধামাচাপা দিতে সামসুল হকের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসানো হয়। সেখানে তাকে এক লাখ টাকা জরিমানা করে আপসের চেষ্টা হয়। এই সালিশে সক্রিয়ভাবে অংশ নেন স্থানীয় প্রভাবশালী সোহেল, বাদল, টুলু, আরিফ ও ইউনুস।
তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ না দিয়ে সামসুল হক উল্টো ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখাতে শুরু করে। এরপর বাধ্য হয়ে পরিবারটি থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
জনতার বিক্ষোভ, বিচারের দাবিতে মানববন্ধন
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করে সালিশে জড়িত ব্যক্তিদেরও শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন,
“এই পাঁচজন শুধু একজন অপরাধীকে আড়াল করেননি, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথেই বাধা হয়ে দাঁড়িয়েছেন। এদের বিচার না হলে এমন ঘটনা বারবার ঘটবে।”
তারা আরও বলেন, ধর্ষণচেষ্টার মতো জঘন্য অপরাধের বিষয়ে গ্রাম্য সালিশে আপসের প্রচেষ্টা ভুক্তভোগীর প্রতি আরেকটি অবিচার।
মানববন্ধনে উপস্থিত সকলে এক কণ্ঠে বলেন—সামসুল হকের পাশাপাশি তাকে রক্ষায় জড়িতদেরও দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ