জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং সদস্যসচিব অধ্যাপক ড. এ.কে.এম. রাশিদুল আলম।
এর আগে রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. কামরুল আহসান আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। এরপর ২১ মে বিকেল ৫টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন প্রকাশিত হবে চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও আচরণবিধি।
মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত, প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত। জমা দেওয়া যাবে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত, একই সময়সীমায়। ৯ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত এবং ১৩ জুলাই বিকেল ৫টার মধ্যে সেই আপিলের শুনানি ও রায় দেওয়া হবে।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা। ১৫ জুলাই প্রকাশিত হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ১৬ জুলাই থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ১৬ জুলাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হবে।
সবশেষে, ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ওই দিনই ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।
—
আরিফুর সাদি
০১৯৫৮১১৫৪৫৯