জাবি প্রতিনিধি:
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় বেশ কয়েকজন নেতাকর্মী বক্তব্য রাখেন।
এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আফফান আলী বলেন, “অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতরা সাবেক ছাত্রলীগ কর্মী। জুলাই আন্দোলনে যে ব্যানারে আমরা রাজপথে আন্দোলন করেছি, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার আজ ছাত্রলীগের পুনর্বাসনের একমাত্র কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পরিকল্পিতভাবে টার্গেট কিলিং করছে। আমরা বিদ্যমান অন্যান্য সংগঠনকে আহ্বান জানাই, পুনর্বাসন বন্ধ করে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করুন।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে, হত্যাকাণ্ডে অন্তত ১৫ থেকে ২০ জন ছাত্রলীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী অংশ নিয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে আল্টিমেটাম দিতে চাই—আগামী ২৪ ঘণ্টার মধ্যে পারভেজ হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।