অভি হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা হঠাৎপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিংগাইর থানার উপ-পরিদর্শক (নিঃ) পার্থ শেখর ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল টিনশেড ঘরে অভিযান চালিয়ে বিপাশা (২৭), মো. রাসেল (১৯) ও নাজমা বেগম (৫৫) নামে তিনজনকে গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত থেকে ৯ কেজি গাঁজা ও সাদা রঙের একটি ডিজিটাল নিক্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে বিপাশা মানিকগঞ্জের সিংগাইরের গাজিন্দা (হঠাৎপাড়া) গ্রামের মৃত হুমায়ুন কবিরের মেয়ে, মো. রাসেল শরীয়তপুরের গরীবের চর এলাকার সালাউদ্দিনের ছেলে এবং নাজমা বেগম ময়মনসিংহের বিরই-দত্তের বাজার এলাকার মৃত আনছার আলীর মেয়ে।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌফিক আজম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নম্বর-১০, তারিখ-০৭/০৪/২০২৫) দায়ের করা হয়েছে এবং সোমবার (৭ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন বলেন, “জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”