আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

পুলিশের ওপর হামলা, গাড়ি চালককে থানায় সোপর্দ করলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে তুচ্ছ ঘটনায় পুলিশের এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগে নিজের গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক বিএনপি নেতা।

গতকাল রবিবার (৯ মার্চ) রাতে অভিযুক্ত সোহেল বাবুকে সাভার মডেল থানায় সোপর্দ করেন সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ। এর আগে গতকাল দুপুরে ওই নারী কনস্টেবলের ওপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত আছেন এবং সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। অভিযুক্ত সোহেল বাবু  সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ’র গাড়ি চালক হিসাবে কাজ করতেন। ঘটনার পর তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পুলিশ কনস্টেবল ইতি খানম জানান, তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়িত্ব পালন করছেন। বাসায় তার প্রতিবন্ধী সন্তানের পরিচর্যা করতে একটু দেরি হয়। এদিকে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় রিকশা চালককে দ্রুত এক পাশ দিয়ে যেতে বলেন তিনি। এসময় সোহেল নামের ওই চালককে অনুরোধ করে সাইড দিতে বলে। কথা বলার সঙ্গে সঙ্গে তুই-তোকারি করে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে সোহেলে এবং এক পর্যায়ে লোহার রড দিয়ে মারতে শুরু করে।

পুলিশ জানায়, দুপুরে ওই নারী কনস্টেবল রিকশাযোগে এনাম মেডিকেলের দিকে যাচ্ছিলেন। তিনি এনাম মেডিকেলের পিছনে পৌছলে প্রাইভেটকার চালক সোহেল বাবু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোহার রড় নারী কনস্টেবলের ওপর হামলা করেন। পরে স্থানীয়রা ইতি খানমকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

বিএনপি নেতা আহসান উল্লাহ বলেন, অভিযুক্ত সোহেল বাবু আমার গাড়ির চালক হিসাবে কাজ করতেন। ঘটনার সময় হয়তো আমি গাড়িতে থাকলে এমন কিছু ঘটতো না। খবর পেয়ে আমি গাড়ি চালক সোহেল বাবুকে অব্যাহতি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছি। আমি কখনই অন্যায়ের পক্ষে ছিলাম না এবং থাকবও না। অপরাধের পরিচয় কেবল অপরাধীই। সে যেই হোক তাকে আইনের আওতায় জন্য সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমি আমার গাড়ির চালককে থানায় সোপর্দ করেছি।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া জানান, এব্যাপারে থানায় অভিযোগ হলে বিষয়টি গাড়ির মালিককে অবগত করা হয়। পরে তিনি নিজেই সেই চালককে থানায় নিয়ে দিয়ে যান। তিনি আরো বলেন, অভিযোগ ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে।

রবিবার রাতেই মারধর ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের হয়েছে। আসামী সোমবার ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ