নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে স্ত্রীর সামনে সাবেক ইউপি সদস্য ও বিএনপি কর্মী বাবুল হোসেন (৫০) কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।
রবিবার (৯ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
এর আগে গতকাল শনিবার (৮ মার্চ) মধ্যরাতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারা নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় ১ নম্বর ও ৮ নম্বর আসামি।
গ্রেপ্তাররা হলেন- ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের শওকত (৩৮) ও মুনছুর (৪০)। তারা ঘটনার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
পুলিশ জানায়, গত ২১ ফেব্রুয়ারি ঢাকার ধামরাইয়ে সাবেক ইউপি সদস্য ও যুবদলকর্মী বাবুল হোসেনকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করলে ২৪ ঘন্টার মধ্যে দুই জন ও পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে প্রধান আসামিসহ বাকিরা আত্ম গোপণে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হত্যা মামলার আসামি শওকত ও মনসুরকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনই আত্মগোপনে ছিলেন৷
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিদের থানায় আনা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে। এর আগে একই ঘটনায় অনিক রহমান (২২), মোহাম্মদ শয়ন ইসলাম (২৩) ও মো. আয়নাল হোসেন (৪০) নামে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২১ ফেব্রুয়ারি আকসির নগর এলাকায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি কর্মী বাবুল হোসেনকে স্ত্রীর সামনেই পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে একই এলাকার একটি পুকুর থেকে নিহত বাবুলের বাবা ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।