আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্র হত্যা মামলায় ধামরাইয়ের সাবেক এমপি গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের স্বজনের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।

গ্রেপ্তার এমএ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে ৪ টি ছাত্র-জনতা হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি ও হামলার ঘটনায় আহত ও নিহতের স্বজনরা একাধিক মামলা দায়ের করেছেন। এমন চারটি মামলার আসামি এম এ মালেক। মামলা দায়ের হওয়ার পর থেকে তাকে  গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। অবশেষে আজ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বাংলানিউজকে বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে ধামরাই ও আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ