জাবি প্রতিনিধি :
সোহেল হাসান গালিবের শাস্তিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী।
আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা সংলগ্ন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
শিক্ষার্থীদের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়। এরপর সেখানে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ সাদ বলেন, “২৪-এর গণআন্দোলন পরবর্তী মুহূর্তে আমরা লক্ষ্য করছি, বাংলাদেশের নতুন বিনির্মাণের শপথ নিয়ে যখন দেশের নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে, সংস্কারকামী তরুণরা যখন একতাবদ্ধ শক্তি হয়ে কাজ করছে, বরাবরের মতো কতিপয় নাস্তিক, বাম ও মুরতাদ তাদের চিন্তার কলুষতা ক্ষমতার কাছাকাছি মহলগুলোর ওপর চাপিয়ে দিতে চাইছে। আমরা এই কাঠামোগত ইসলামবিদ্বেষের নিরসন চাই।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি জানান। দাবিগুলো হলো— অপরাধীদের পদচ্যুত করে অবিলম্বে গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে থাকা কাঠামোগত ইসলামবিদ্বেষীদের দেশদ্রোহী ও বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা এবং ভবিষ্যতে যেন এ ধরনের দুঃসাহস কেউ দেখাতে না পারে, সে জন্য ব্লাসফেমি আইন প্রণয়ন করা।