আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়া উপজেলার ছনুয়া রেঞ্জের উজানটিয়া ক্যাম্পের নিয়ন্ত্রিত মাতারবাড়ীতে ভূমি দস্যু আব্বাস গংদের নেতৃত্বে কোহোলিয়া নদীর প্যারাবনের ভিতর অবৈধভাবে গড়ে উঠা চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) পেকুয়ার ছনুয়া রেঞ্জাধীন উজানটিয়া ক্যাম্পের মহেশখালীর মাতারবাড়ী কোহোলিয়া নদী এলাকায় সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মুলত ১৬ ফেব্রুয়ারী থেকে টানা ৩দিন পর্যন্ত থেমে থেমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বনবিভাগ ।
বিভাগীয় বন কর্মকর্তা, উপকূলীয় বন বিভাগ চট্টগ্রাম মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কক্সবাজার সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদের নির্দেশে বন বিভাগের চরে গড়ে উঠা বাঁধ কেটে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, গোরকগাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী, ছনুয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক, মাতারবাড়ী বিট অফিসার, জেম এম ঘাট বিট অফিসার, ঝাপুয়া বিট অফিসার ও স্টাফরা।
এ বিষয়ে ছনুয়া রেঞ্জ কর্মকর্তা শামসুল হক বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দখলকৃত চিংড়িঘেরের বাঁধ কেটে গুঁড়িয়ে দিয়ে সরকারি জায়গা দখলমুক্ত করা হয়েছে । পরবর্তীতে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি ।
গত ৮ ফেব্রুয়ারি বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক সহ পরিবেশকর্মীর একটি টিম খরিয়ারদিয়া মৌজায় অবস্থিত কোহেলিয়া নদী দখলের বিষয়টি পরিদর্শনে যান । নদী দখলের প্রমাণ পেয়ে বিষয়টি উপকূলীয় বন বিভাগকে করে এবং সাথে গত ১১ ফেব্রুয়ারি ” বন মামলার আসামী এখন বন পাহারাদার! গিলে খাচ্ছে নদী” এই শিরোনামে দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে সংবাদ প্রকাশ করা হয় ।
উক্ত সংবাদের জের ধরে গত তিন পর্যন্ত একটানা অভিযান পরিচালনা করেন উপকূলীয় বন বিভাগ ।