আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

কুয়েটে হামলা ছাত্রলীগের দাবি করে জাবিতে ছাত্রদলের বহিষ্কৃতদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ ও গুপ্ত সংগঠনের কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের কিছু নেতা-কর্মী।

আজ মঙ্গলবার রাতে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। তবে মিছিলে ছাত্রদল থেকে সম্প্রতি বহিষ্কার হওয়া দুই নেতাকে দেখা গেছে। বহিষ্কৃত ওই দুই নেতা হলেন শাখা ছাত্রদলের সদস্য আব্দুল গাফফার এবং মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন।

মিছিলে নেতা-কর্মীদের “কুয়েটে হামলা কেন? প্রশাসন, জবাব চাই!”, “ছাত্রদলের ওপর হামলা কেন? প্রশাসন, জবাব চাই!”, “ছাত্রলীগের গুণ্ডারা হুঁশিয়ার, সাবধান!”, “গুপ্ত সংগঠনের গুণ্ডারা হুঁশিয়ার, সাবধান!”, “চলছে লড়াই, চলবে লড়াই”— ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়

তবে তাদের এই বিক্ষোভ মিছিল দলীয় কোনো কর্মসূচি নয় বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর। তিনি বলেন, “এটা আমাদের কোনো দলীয় কার্যক্রম ছিল না।

দলীয় কর্মসূচি হলে কমিটির নেতারা থাকতেন, কিন্তু সেখানে কমিটির কোনো নেতা ছিলেন না। মূলত বহিষ্কৃত নেতা ইকবালের নেতৃত্বে মিছিলটি হয়েছে। এর দায়ভার ছাত্রদল নেবে না।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ