জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিতে গিয়ে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। আজ সোমবার এমন ভোগান্তির সম্মুখীন হয়েছেন দুইজন শিক্ষার্থী।
সরকার ও রাজনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী জান্নাত ঝলক আগামীর সংবাদকে বলেন, “আজ সন্ধ্যায় অসুস্থ বান্ধবীকে চিকিৎসার জন্য মেডিকেলে নিয়ে আসি।
ডাক্তার দেখানোর পর ফার্মেসিতে দায়িত্বরত ডিপ্লোমা ফার্মাসিস্ট সিরাজুল ইসলামকে অ্যান্টাসিড নেওয়ার জন্য প্রেসক্রিপশন লাগবে কি না জানতে চাই।
কিন্তু তিনি আমার সঙ্গে রূঢ় আচরণ করেন এবং অপমানজনকভাবে কথা বলতে থাকেন। বারবার ধমক দিয়ে প্রেসক্রিপশন নিয়ে আসতে বলেন।”
অন্যদিকে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজা মেহজাবিন মীম জানান, “আজ সকালে ব্লাড টেস্ট করাতে গেলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রথমে আমার হাত শক্ত করে বেঁধে কয়েকবার চাপড় দেন।
পরে সিরিঞ্জ দিয়ে কিছু রক্ত টেনে নেওয়ার পর আবার পুশ করেন। এই প্রক্রিয়া কয়েকবার চলতে থাকে। কিছুক্ষণ পর আমার হাত ফুলে লাল হয়ে যায় এবং প্রচণ্ড ব্যথা অনুভব করি।”
এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসা কেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুর আগামীর সংবাদকে বলেন, “আজকের ঘটনাগুলো সম্পর্কে আমি অবগত ছিলাম না।
আমরা সবসময় শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। যদি কেউ অনভিপ্রেত আচরণ করে থাকে, তবে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে।”
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান বলেন, “আমরা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।