জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইন অনুষদের জন্য স্বতন্ত্র একাডেমিক ভবন বরাদ্দ এবং পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নসহ তিন দাবিতে ৩০ ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন আইন অনুষদের তিন শিক্ষার্থী।
তাঁদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের আরেকটি দাবি হলো, আইন অনুষদের ভর্তি পরীক্ষা ‘এফ’ ইউনিটে নেওয়া।
গতকাল রোববার বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন তাঁরা।
আজ বিকেল সাড়ে ৩টায় অনশন কর্মসূচি নতুন প্রশাসনিক ভবনের সামনে স্থানান্তরিত হয়। অনশনরত শিক্ষার্থীরা হলেন: আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মালিহা হাসান মাইশা এবং একই ব্যাচের রফা রওনাক; ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।
এদিকে, অনশনরত শিক্ষার্থী রফা রওনাক আজ বিকেল ৪টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখনও এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
অনশনরত শিক্ষার্থী মো. আসাদুজ্জামান বলেন, “আমরা তিনজন এখানে অনশনে বসেছিলাম। আমাদের মধ্যে একজন এখন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সে এখনও অনশন ভাঙেনি। প্রশাসন আমাদের কয়েকটি লিখিত রোডম্যাপ দেখিয়েছে, কিন্তু সেগুলো এখনও সিন্ডিকেটে অনুমোদিত হয়নি। সিন্ডিকেটের মিটিং চলছে (রাত ৮:২০)। মিটিং শেষে আমরা আমাদের সিদ্ধান্ত জানাব।”
অন্যদিকে, অনশনরত শিক্ষার্থী মালিহা হাসান মাইশা জানান, “আমাদের নিশ্চিত করা হয়েছে, কলা ও মানবিকী অনুষদের পাঁচ ও ছয় তলা আইন অনুষদের জন্য বরাদ্দ দেওয়া হবে। তবে বাকি দুই দাবির বিষয়ে আমরা এখনও সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। এরপরও সিন্ডিকেট মিটিং শেষে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।