মহেশখালী প্রতিনিধি:
জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প বন্ধ করে পরিবেশ বান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে এখনই উদ্যোগ নিতে হবে । বিশ্বের অন্যান্য দেশ যখন কয়লা ব্যবহার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু তার বিপরীতে বাংলাদেশে কয়লা ভিত্তিক প্রকল্প নির্মাণ করে গোটা মানবজাতিকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ।
আগামী প্রজন্মকে বাঁচাতে হলে পরিবেশ বিধ্বংসী কয়লা ব্যবহার বন্ধ করার কোন বিকল্প নাই । দেশের মানুষের খাদ্য উৎপাদনের ফসলী জমি নষ্ট করে পরিবেশ ধ্বংসকারী প্রকল্প নির্মাণ করা কোন মানে হয়না ।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণে স্থানীয় জনগোষ্ঠীর কোন উপকারে আসেনি , বরং কয়েক হাজার মানুষের বেকারত্ব বেড়েছে । ঐ এলাকার মানুষের একমাত্র আয়ের উৎস্য কেড়ে নিয়ে বিষাক্ত কয়লা প্রকল্প করা হয়েছে ।
পেশা হারিয়েছে দুই হাজারের অধিক স্থানীয় জেলে । তারা প্রত্যকেই কোহেলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত । এই মরণব্যাধি কয়লা প্রকল্প নির্মাণের সু্বাদে মহেশখালীর ঐতিহ্য কোহেলিয়া নদীটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ধ্বংস করেছে ।
২৩ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টার সময় মহেশখালীর কোহেলিয়া নদীর পুর্ব পাড়ে “জ্বীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে কোহেলিয়া নদী দখল ও দূ্ষণমুক্তসহ পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবীতে “মানববন্ধনে” উপরোক্ত কথা গুলো বলেন বক্তারা ।
মানববন্ধনে বক্তারা আরো বলেন , কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণের শুরু থেকেই বিভিন্ন বর্জ্য ফেলা হচ্ছে কোহেলিয়া নদীতে । নদীটি এখন মৃত প্রায় , প্রকল্পের দূষিত বর্জ্য ফেলে কোহেলিয়া নদীর পানিও বিষাক্ত হয়েছে । ফলে এ নদীর পানি ব্যবহারে মানুষের শরীরে বিভিন্ন রোগব্যাধি ছড়াতে পারে বলেও মন্তব্য করেন ।
অবিলম্বে কোহেলিয়া পুনরুদ্ধার করে মানুষের জীবন জীবিকা রক্ষা করার দাবী জানানো হয় মানববন্ধনে ।
মহেশখালী জন-সুরক্ষা মঞ্চ , কোহেলিয়া নদী রক্ষা কমিটি , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতি ও উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্থানীয় পরিবেশকর্মী আলহাজ্ব মাওলানা মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ,
উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ন আহবায়ক ও কোহেলিয়া নদী রক্ষা কমিটির সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক , বক্তব্য রাখেন উপকূল সুরক্ষা ফাউন্ডেশনের সদস্য পরিবেশকর্মী আলাউদ্দিন আলো , মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য অফিসের প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন , পরিবেশকর্মী এম এ হান্নান , স্থানীয় লবন ব্যবসায়ী বোরহান উদ্দিন , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের , স্থানীয় সমাজ সেবক ওসমান গনি , পান চাষী আবুল বশর , স্থানীয় জেলে আব্দুল গফুর , মোঃ হাসান , ছফুর আলম , মোঃ আলী প্রমূখ ।