অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে আবাসিক হোটেলে নিয়ে স্ত্রী রুকসানা বেগমকে জবাই করে হত্যার ঘটনায় স্বামী রুবেল মিয়া (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানী ঢাকার মিরপুরের মাজার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গতকাল সোমবার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার রংধনু আবাসিক হোটেলের ৫২৬ নম্বর রুম থেকে গলাকাটা অবস্থায় স্বাস্থ্যকর্মী রুকসানা বেগম লাশ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রুবেল মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকার লাল মিয়ার ছেলে।
নিহত ৩৬ বছরের রুকসানা বেগম গ্রেফতারকৃত রুবেল মিয়ার স্ত্রী। তিনি ঢাকার সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে স্বাস্থ্যকর্মীর চাকুরি করতেন।
র্যাব জানান,নিহত রুকসানা বেগমের স্বামী রুবেল মিয়া বেকার থাকার কারনে পারিবারিক কলহের সৃষ্টি হয় এবং স্বামী রুবেল কোন কাজ না করলে বিবাহ বিচ্ছেদের হুমকি দেয় রুকসানা বেগম।
এতে করে রুবেল মিয়া ক্ষুব্ধ হয়। তারপর রুবেল তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে এবং গত রোববার মধ্যরাতে মানিকগঞ্জে আসেন। এরপর রাত হওয়ায় অযুহাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের রংধনু আবাসিক হোটেলে ৫২৬ নম্বার রুম ভাড়া নেয়।
পরে হোটেলের রুমে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর স্ত্রী রুকসানা বেগম ঘুমিয়ে পড়লে ধারালো অস্ত্র (চাকু) জবাই করে হত্যা করে ভোররাতে পালিয়ে যায় রুবেল মিয়া।
এরপর সোমবার দুপুরে হোটেলের ম্যানেজার রুমের ভিতরে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
র্যাব-৪ এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মাদ আরিফ হোসেন জানান, হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য র্যাব-৪ এর সিপিসি-৩ একটি দল কাজ শুরু করে।
এরপর হোটেলের সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আটকের পর হত্যাকান্ডের কথা স্বীকার করেছেন বলেও র্যাবের এই কর্মকর্তা জানান।