জাবি প্রতিনিধি
গণমাধ্যম সংস্কার কমিশনের একমাত্র শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনকে ফুলেল সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতি’
গতকাল সোমবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সম্মেলন কক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
আব্দুল্লাহ আল মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা গ্রামের বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
সংবর্ধনা অনুষ্ঠানে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আল ইমরান বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও যশোর জেলার একজন সন্তান মামুন গণমাধ্যম সংস্কার কমিশনের একমাত্র শিক্ষার্থী প্রতিনিধি মনোনীত হয়েছেন।
এটা আমাদের জন্য অনেক গৌরবের। যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মামুন তার দায়িত্ব যথাযথভাবে পালন করে জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্ব অর্জন করবে।”
সংগঠনটির সাধারণ সম্পাদক ইফতে সাকিব বলেন, “মামুনের এ কৃতিত্ব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও যশোর জেলাসহ সারা দেশের সব শিক্ষার্থীর জন্য অনুকরণীয়। মামুন তার সাহস, পরিশ্রম ও মেধা দিয়ে দেশের জন্য কল্যাকর ভুমিকা পালন করবে বলে আশা করি।”
সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, “গণমাধ্যম সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মামুন সততা ও নিষ্ঠার সঙ্গে
তার দায়িত্ব পালন করে গণমাধ্যমের স্বকীয়তা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে আমরা আশাবাদী। তার কৃতিত্ব আমাদের জন্য অনেক গৌরবের।”
সংগঠনের আরেক উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষার্থী নির্ঝর ইমন বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে মামুনের কৃতিত্ব আমাদের সবার জন্য গৌরবের। মামুনকে আমরা সাংবাদিক হিসেবে দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখেছি। গণমাধ্যম সংস্কারেও সে তার দক্ষতার পরিচয় দেবে সেই প্রত্যাশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আশিকিন আবির, সংগঠনটির সমন্বয়ক চঞ্চল কুমার দাস এবং ফেরদৌস।