আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন 

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ধামরাইয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়েরের অভিযোগ ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। উক্ত মানববন্ধনে ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাহমুদ ইকবাল, আরটিভির স্টাফ রিপোর্টার ও সাভার টেলিভিশন রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সাভার ও ধামরাইয়ের প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এসময় সাংবাদিকরা বলেন, সাংবাদিক রাজন আহমেদ ও সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল

দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ধামরাইয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বিজ্ঞ আদালতে এমন একটি মামলা দায়েরের কথা শুনেছি তবে এখনও এ সংক্রান্ত নথি আমাদের কাছে এসে পৌঁছেনি।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদসহ ৯০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ