আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মসূচি 

জাবি প্রতিনিধি :

বিশ্বব্যাপী স্তন ক্যান্সারের সচেতনতার মাস অক্টোবরে কমিউনিটি অনকোলোজি সেন্টার ট্রাস্ট এবং গণস্বাস্থ্য কমিউনিটি বেসড ক্যানসার হাসপাতালের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণে ব্রেস্ট ক্যানসার এওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ১০টায় পাবলিক হেলথ বিভাগ থেকে র‍্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালি শেষে জাবির জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে স্তন ক্যানসার সচেতনতা নিয়ে “No One Should Face Breast Cancer Alone” প্রতিপাদ্যে একটি সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাখাওয়াত হোসেন। উক্ত সেমিনারে বিভাগের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোহাম্মদ কামরুল আহসান বলেন, “অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিশেষ করে নারীদের ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতন হতে হবে।

সর্বোপরি আমি সকলকে নারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। আমি মনে করি এই সেমিনার নারী শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডঃ মোঃ মাহফুজুর রহমান বলেন “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা জরুরী।”

তিনি আরো বলেন, “পাবলিক হেলথ অ্যান্ড ইনফোরমেটিকস নবীন বিভাগ হিসেবে এর পরিধি অত্যন্ত ব্যাপক এবং বিশ্বব্যাপী এর সুনাম ছড়াচ্ছে। এই বিভাগের একজন শিক্ষার্থী বিশ্বের সেরা ২% বিজ্ঞানীর মধ্যে রয়েছে।

আমরা বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে ইন্ডাস্ট্রির সাথে সংযুক্ত করার জন্য কাজ করছি। আজকের যে প্রোগ্রাম তারা আয়োজন করেছে, এই প্রোগ্রামের আলোকে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য স্তন ক্যান্সারের জন্য হেল্প ডেস্ক খোলার জন্য আহবান জানাচ্ছি।”

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ তার বক্তব্যে বলেন, “এই বিভাগ এই অল্প সময়ে জাহাঙ্গীরনগরে যে সাফল্য দেখিয়েছে সেটি অন্য বিভাগগুলোর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এই বিভাগ গত কয়েক বছরে গবেষণায় এবং উচ্চ শিক্ষায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। “

উক্ত প্রোগ্রামে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রজেক্ট কো অর্ডিনেটর এন্ড হেড প্রিভেন্টিভ অঙ্কলজি গণস্বাস্থ্য এর প্রফেসর ড. হাবিবুল্লাহ তালুকদার। এই সেমিনারে তিনি ব্রেস্ট ক্যান্সারের বিভিন্ন ঝুকির কারণ যেমন- জেন্ডার, বয়স, জেনেটিক ফ্যাক্টর ইত্যাদি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “অতিরিক্ত ওজন, অ্যালকোহল বা মদ্যপান করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।”

এছাড়াও স্তন ক্যান্সারের বিভিন্ন লক্ষণ, স্তন ক্যান্সার স্ক্রিনিং এবং এর চিকিৎসা সম্পর্কিত আলোচনা করেন। সর্বোপরি তিনি বলেন ব্রেস্ট ক্যান্সারের জন্য চাই দ্রুত নির্ণয় এবং পরিপূর্ণ চিকিৎসা, সাথে সরকারের নীতি বাস্তবায়ন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি ড. মাহফুজা মোবারক বলেন, “এই সেমিনার শিক্ষার্থীদের ব্রেস্ট ক্যান্সার বিষয়ক জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এই বিভাগ থেকে প্রতি মাসে এমন স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করতে চাই।”

সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর উপদেষ্টা ড. মোহাম্মদ মুশতাক হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ মাফরুহী সাত্তার, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দীন সিকদার, সহকারী অধ্যাপক ড. মোঃ আল মামুন, লক্ষ্মী রাণী কুন্ডু, প্রভাষক আয়েশা আহমেদ, আনিকা বুশরা বৈচি, গণস্বাস্থ্য অনকোলজি সেন্টার এবং গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিনিধিবৃন্দ।

স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের দ্বিতীয় অংশে জাবির ওয়াজেদ মিয়া গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে একটি ট্রেইনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ জন নারী শিক্ষার্থীর ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়।

উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ইনফরমেটিক্স এন্ড বিভাগের উদ্যোগে নিয়মিত কর্মশালা ও সেমিনার আয়োজন করা হয়। শিক্ষা এবং গবেষণার মাধ্যমে বাংলাদেশের জনস্বাস্থ্য উন্নয়নে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগ অগ্রণী ভূমিকা পালন করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ