আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেক,ঢাকা :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগের একজনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) রাতে পল্লবী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ভিকটম ইমনের মা বাদী হয়ে গত ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নং বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন হোসেন আকাশ ।

এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে তার মা আরও লোকজনের সাহায্যে আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ