আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

টেকনাফে র‌্যাবের অভিযানে ১ লক্ষ ৩০ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

মোঃ আলমগীর, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এসময় জড়িত এক মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী হলেন,টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড
লম্বাবিল(আব্দুর রশীদের বাড়ী) এর আব্দুর রশিদের ছেলে মোঃ রিয়াজ উদ্দিন(১৪)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও
সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)
মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,রবিবার (২৩ জুন) রাতে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন লম্বাবিল এলাকায় কতিপয় ইয়াবা ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মোঃ রিয়াজ উদ্দিন নামে এক মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় এবং তার অপর এক সহযোগী র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ও পলাতক মাদক কারবারী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তারা নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ/বিক্রয় করে আসছিল। মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদসহ ইয়াবার চালান স্থানীয় এলাকায় বিক্রয়ের পাশাপাশি তারা আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য কক্সবাজার ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বলে জানায়।

তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ