জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নত করা সহ ৬ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে হলটির সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার ( ১৯ মে) বিকাল ৩ টার দিকে প্রায় ৭০ জন শিক্ষার্থীর উপস্থিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হলো, দ্রুত সময়ের মধ্যে হল মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা, ডাইনিংয়ের খাবারের মান উন্নত করা, হলে সুপেয় পানির জন্য একটি ঠান্ডা পানির ফিল্টারের ব্যবস্থা করা, হলের দুই পাশের লেক পরিস্কার করে মশার উপদ্রব কমানো, হলের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং হল প্রভোস্টের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নেওয়া।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী অনিক আহমেদ বলেন, ” দীর্ঘদিন ধরেই আমরা হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। এসব সমস্যার স্থায়ী সমাধানের জন্যই আমরা ভিসি স্যারের কাছে স্মারকলিপি দিয়েছি।”
স্মারকলিপি প্রদানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ” আমি খুব শীগ্রই এসব সমস্যা সমাধানের চেষ্টা করবো। “