বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে ওঠা সকল দূর্নীতি-অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগে অগ্রসর হওয়ার আহবান জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাঙ্গালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
রবিবার (১৯ মে) দুপুরে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবী জানান বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক নেতৃবৃন্দ।
এতে বলা হয়, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দীর্ঘদিন ঝুলে থাকা বিভিন্ন পদের নিয়োগ অদ্যকার সিন্ডিকেট সভায় চূড়ান্ত করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মের দীর্ঘ অভিযোগ রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে দীর্ঘদিন ধরে খবর প্রকাশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকসমাজ বর্তমান প্রশাসনের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছে। তাঁরা মনে করেন, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে ওঠা নানাবিধ দুর্নীতি- অনিয়মের অভিযোগ নিষ্পত্তি করে স্বচ্ছতার ভিত্তিতে নতুন নিয়োগে অগ্রসর হওয়া উচিত। যার সূচনা হতে পারে ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদে নিয়োগের মধ্য দিয়ে।