সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় ইফতারের পর সড়কে দাঁড়িয়ে নিয়মিত গাঁজা বিক্রি করতেন মো. আলফাজ হোসেন (২৪) নামের এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (৩১ মার্চ) দুপুরে গ্রেপ্তার আলফাজকে অন্যান্য আসামির সাথে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার ইফতারের পর গাঁজা বিক্রির সময় আশুলিয়ার নরসিংহপুর এলাকার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পিছনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ১০ গাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আলফাজ ইফতারের কিছুক্ষণ পর থেকে গাঁজা বিক্রি শুরু করেন। প্রতিদিন প্রায় ১ কেজি গাঁজা বিভিন্ন আকারের পোটলা বানিয়ে মাদকসেবির কাছে সরবরাহ করতেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান। পুলিশের উপস্থিত বুঝতে পেরে আলফাজ পালানোর চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আলফাজ প্রতিদিন প্রায় ১ কেজি গাঁজা বিক্রি করতেন। মাসে ৩০/২৫ কেজি গাঁজা মাদকসেবিদের কাছে বিক্রি করতেন তিনি। পরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়েছে।