আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের মৌলভী কাটার পুর্ব পাশে মহেশখালী চরণদ্বীপ রেঞ্জের আওতাধীন জেএম ঘাট বিটের অধীনে মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগ। নদীর প্যারাবনের বাইন গাছ কেটে চিংড়ী ঘের নির্মাণ করে অবৈধভাবে দখলে নেওয়া জায়গায় বাঁধ কেটে দিয়ে দখলমুক্ত করা হয় ।
জানা যায় , শাপলাপুর ইউনিয়নের মৌলভীকাটার পুর্ব পাশে প্যারাবন কেটে নদীর চর দখল করে ঘের নির্মাণ করছিল স্থানীয় কিছু দখলবাজ ও প্যারা খেকো । নদী দখলকারীরা নিজেদেরকে সরকার দলীয় ছাত্রলীগের লোক পরিচয় দিয়ে এবং তার প্রভাব কাটিয়ে প্যারাবন কেটে ঘের নির্মাণ করছে বলে জানান স্থানীয়রা । রবিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ৩ ঘন্টা এই উচ্ছেদ অভিযান চলে। জানা যায়, উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন ও সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ এর নির্দেশে গোরকঘাটা ও চরনদ্বীপ রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে স্থানীয় বিট কর্মকর্তাসহ বিভিন্ন বিটের স্টাফদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘেরের বাঁধ কেটে দিয়ে প্রায় ১০ একর সরকারী জায়গা দখল মুক্ত করে বনবিভাগ । এ বিষয়ে চরণদ্বীপ ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোঃ আইয়ুব আলী বলেন, দখলকৃত চিংড়ি ঘের গুড়িয়ে দিয়ে ১০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তী তদন্ত পূর্বক জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ।