রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তে দিনব্যাপী নানা আয়োজনে শীত উৎসব অনুষ্ঠিত হয়েছে।
“লোকজ সংস্কৃতি লালন করি, শান্তি সম্প্রীতির দেশ গড়ি” স্লোগানে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২৩ প্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন “টঙের গান” এর আয়োজনে এই উৎসবে ছিলো নানা সংগঠন ও বিভাগের বাহারি পিঠার স্টল। বিকেল থেকে পিঠার স্টলগুলোতে বাহারি পিঠার স্বাদ নিতে শিক্ষক,শিক্ষার্থী সহ সাধারণ দর্শনার্থীদের ভীড় ছিলো চোখে পড়ার মতো। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সংগীত পরিবেশন করেন “ফকির সাহেব” নামে খ্যাত সংগীত শিল্পী ওয়াজকুরুনী। এছাড়াও, টঙের গান সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন ও শিক্ষার্থীদের পরিবেশনায় জমে উঠেছিলো এই আয়োজন।
এ ব্যাপারে আয়োজক “টঙের গান” এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান আবির বলেন, বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশীয় লোকজ সংস্কৃতি হারিয়ে দিন দিন হারিয়ে যাচ্ছে। দেশের তরুণ সমাজের সামনে লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই “টঙের গান” এর এই উদ্যোগ।একইসাথে এই আয়োজনের মাধ্যমে কিছু আর্থিক অনুদানও সংগ্রহ করা হয়েছে। যা দিয়ে উত্তরাঞ্চলের তীব্র শীতে দুর্ভোগ পোহানো কিছু দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। আমাদের দেশের লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে এবং এসব আয়োজনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন ও নানা সচেতনতার কথা সহ সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিবো আমরা। নানা আয়োজন শেষে সন্ধ্যায় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই শীত উৎসব শেষ হয়।