আরবাজ, বেরোবি প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি),রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক যুগ পূ্র্তি অনুষ্ঠান উদযাপিত হলো।
আজ (২২ শে জানুয়ারি,সোমবার) সকাল ১০:৩০ এ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর, সকাল ১০:৪৫ এ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে, বেলা ১১ টায় কেক কাটার পর শুরু হয় আলোচনা সভা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড.মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক বিউটি মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে, উক্ত আলোচনা সভায় “শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতা” শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন বিশিষ্ট গবেষক, সাংবাদিক ও প্রাবন্ধিক ড. কাজল রশীদ শাহীন। এছাড়াও আবুল মনসুর আহমদের সাংবাদিকতা জীবন ও সাংবাদিকতার সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেন সাংবাদিক, কবি ও আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদের আহ্বায়ক ইমরান মাহফুজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান। বিকেলে, কবি হেয়াত মাহমুদ ভবন চত্বরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন ব্যাপী এই যুগ পূর্তি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।