পর্যটন নগরীমূখী ট্রেন কক্সবাজার এক্সপ্রেস দেখতে যাওয়ার সময় বাসের ধাক্কায় দুই ভাই-বোন নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক শিশু।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় রাস্তা পার হওয়ার সময় কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটের মাইজপাড়া অংশে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার জানান, নতুন ট্রেনটি দেখতে মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের শিশু সন্তান আট বছরের আব্দুর রহমান সামির ও তার ছোট বোন ছয় বছরের সাবাসহ তিনজন রাস্তা পার হচ্ছিল।
এ সময় একটি যাত্রীবাহী বাস এসে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে দুই ভাই-বোন, সামির ও সাবাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। চিকিৎসাধীন আছে আরো এক শিশু এ ঘটনায়।এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহত সামির ও সাবার পরিবারে চলছে শোকের মাতম।