কক্সবাজার শহরের কলাতলীতে বিদেশী পর্যটককে ছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ছিনতাইকারী চক্রের প্রধান বাবুসহ চারজনকে আটক করেতে সক্ষম হয়েছে ট্যুরিস্ট পুলিশ।সেই সাথে বাবু গ্রুপ নামে সক্রিয় ছিনতাইকারী চক্রের সকল সদস্যকে শনাক্ত করার কথা জানিয়েছেন পুলিশ।
আটককৃত ছিনতাইকারীরা হলেন- কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকার আবুল ফয়েজের ছেলে মেহেদী হাসান বাবু (১৬), একই এলাকার মোহাম্মদ ইউসূফের ছেলে আবির হোসেন সান (২৩), মনির হোসেনের ছেলে মোহাম্মদ আবির (১৯) ও ঝাউতলা গাড়ীর মাঠ এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোসাইদুল ইসলাম সামাদ (১৮)।
রবিবার( ৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।তিনি বলেন- গেল শুক্রবার রাতে কলাতলীর হোটেল ওশান প্যারাডাইসের সামনে থেকে বিদেশী পর্যটক (সৌদি নাগরিক) আল হুদায়বি খালিদ মোহাম্মদের হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন বাবু গ্রুপের বাবুসহ ৬ জন। ব্যাগ নিতে না পেরে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য ও থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে মাঠে নামে ট্যুরিস্ট পুলিশের ‘স্পেশাল অপারেশনাল টিম। তাদের অভিযানে গ্রুপ প্রধান বাবুসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাবাসাদের বরাত দিয়ে আপেল মাহমুদ জানান- অভিযুক্ত বাবু গ্রুপের বাবুসহ চারজন গ্রেফতার হলেও বাকি দুইজনও শনাক্ত হয়েছে। তাদেরও গ্রেফতার করা হবে। আটককৃত বাবু ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজি হয়েছে। তাকে আদালতে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন- ছিনতাইকারী দমনে ট্যুরিস্ট পুলিশ ১০ সদস্য বিশিষ্ট স্পেশাল টিম গঠন করেছে। যারা ২৪ ঘন্টায় মাঠে রয়েছে। যার সফলতা হিসেবে ৪৮ ঘন্টার মধ্যে বাবু গ্রুপের সদস্যদের আটক বলছেন ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা।