কে এম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের বেরিবাঁধ সড়কে সিএনজি স্কুটার ও মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে মোটরসাইকেল আরোহী পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান ও তার কর্মচারী মো. সোহাগ বাড়ি ফেরার পথে বেড়িবাঁধ সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। ঘটনা সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জের গল্লাক থেকে কামতা আসার পথে তাদের মোটরসাইকেলের সঙ্গে একটি সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনেই মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুতগতিতে চাঁদপুর সদর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিপ্লব দাস তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই যুবককে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহমান ৩নং সুবিদপুরের পানিশাইর গ্রামের আবু তাহেরের ছেলে এবং সোহাগ পার্শ্ববর্তী আইটপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে। দুর্ঘটনায় তারা নিহত হলেও তার মোটরসাইকেল অক্ষত রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহতের স্বজনদের ভাষ্যমতে, পোল্ট্রি ব্যবসায়ী আব্দুর রহমান বাজারে গিয়ে ব্যবসায়িক টাকা নিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই আব্দুল আলিম হাসপাতালে গিয়ে নিহতের খোঁজখবর নিয়ে ফরিদগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।
এদিকে দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের স্বজনদের মাঝে চলছে ক্রন্দনরোল।