জাবি প্রতিনিধি:
নাট্যদিশারি আফসার আহমদের ৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
৩০ সেপ্টেম্বর সকাল ১০:০০ টায় মানিকগঞ্জের জামসায় আফসার আহমদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর দুপুর ৩:০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সেট ল্যাবে ‘ আফসার আহমদ-এর নৃগোষ্ঠী নাট্য নিরীক্ষণ : এক জীবনের শিল্প ভ্রমণ ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অধ্যাপক ড. হারুন অর রশীদ খানের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, নাট্য ও চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, নাট্য গবেষক সুষময় চাকমা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান।
এরপর সন্ধ্যা ৬:০০ টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সম্মুখস্থলের মৃৎমঞ্চে তথ্যচিত্র প্রদর্শনী করা হবে। প্রদর্শনীতে থাকবে আরিফুল ইসলাম নীল পরিচালিত ‘ তুমি উড়াল দিয়েছো ‘। সন্ধ্যা ৬:৩০ এ থাকবে স্মৃতিচারণ, রাত ৮:০০ টায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় আফসার আহমদের সুরারোপিত নাটকের গান ‘ ওরে ভোলা মন ‘ এবং রাত ৮:৩০ টায় থাকবে মানিকগঞ্জের একতা অপেরার পরিবেশনায় যাত্রাপালা ‘ রূপবান ‘। এসময় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন ) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক এবং রাত ১০:০০ টায় সমাপনী বক্তব্য দিবেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ।
উল্লেখ্য আফসার আহমদ জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালের ৩০ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানার জামশা গ্রামে। ১৯৮০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও ১৯৮১ সালে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। ১৯৮৪ সালে তিনি একই বিভাগে যোগদান করেন প্রভাষক হিসেবে। ১৯৮৫ সালে নাট্যাচার্য সেলিম আল দীনের নেতৃত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম নাটক ও নাট্যতত্ত্বের পূর্ণাঙ্গ বিভাগ। আমৃত্যু তিনি ওই বিভাগেই শিক্ষাদানে নিয়োজিত ছিলেন। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগেরও প্রতিষ্ঠাতা তিনি।