জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আগামী ১৬ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিঃ (মেট্রো রেল)-এর এমআরটি লাইন-৫ নর্দান রুট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করবেন এবং সেই সাথে এ বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ৬টি হল উদ্বোধন করতে পারেন বলে আশা করা যায়।
বিষয়টি ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মো. আবু হাসানের স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্বোধন অনুষ্ঠানের আগে অথবা পরে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থান পরিদর্শন করতে পারেন বলে অনুমান করা হচ্ছে। এই প্রেক্ষিতে সকল অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল ও অফিসের চারদিকের ঝোপঝাড়/আগাছা আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্ব স্ব অফিসের নিজস্ব মালী দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১০ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি আবাসিক হলের নামকরণ করা হয়েছে।
নাম গুলো হলো, ১৭নং হলের নাম রাখা হয়েছে বেগম রোকেয়া হল, ১৮নং হলের নাম ফজিলাতুন্নেসা, ১৯নং হলের নাম বীর প্রতীক তারামন বিবি, ২০নং হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ, ২১নং হলের নাম শেখ রাসেল ও ২২নং হলের নাম কাজী নজরুল ইসলাম।
প্রসঙ্গত, জাবির নবনির্মিত ছয়টি হলের মধ্যে দুইটি হলে শিক্ষার্থীরা উঠেছেন। বাকিগুলোর কাজ শেষ হলেও শিক্ষার্থী উঠানো হয়নি।