সাভার প্রতিনিধি :
ঢাকার সাভারে পিতা-মাতার ঝগড়ার মাঝে পিতার লাঠির আঘাতে মো. আলীফ (১) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় শিশুটির মা কল্পনা আক্তারের করা মামলায় গ্রেফতার ঘাতক পিতা আলমগীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক আতিকুল ইসলাম রাসেল।
এর আগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১২টার দিকে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় স্থানীয় সাবেক পৌর কমিশনার মো. হোসেনের মালিকানাধীন ভাড়া বাড়িতে এই ঘটনা ঘটে।
অভিযুক্ত আলমগীরের (২৩) গ্রামের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেবপুর এলাকায়। তার বাবার নাম আনোয়ার হোসেন। তিনি পেশায় এম্বুলেন্স চালকের সহকারি।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির মধ্যে ঝগড়া হলে অভিযুক্ত আলমগীর তার স্ত্রী কল্পনাকে একটি কাঠের টুকরো দিয়ে মারতে থাকে।
একপর্যায়ে তার এক বছর বয়সী শিশু আলীফকেও ওই কাঠের টুকরো দিয়ে আঘাত করলে শিশুটির মাথা, ঘাড় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়।
পরে আহত শিশুটিকে পার্শ্ববর্তী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম রাসেল বলেন, নিহত শিশুটির মায়ের করা মামলায় ঘাতক পিতাকে আটক করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে ঢাকার সিনিয়র চীফ জুডিশিয়াল কামরুনাহারের আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।