আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

জাবির সাংবাদিকতা বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষ্যে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন ইন নিউজ ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৭ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। এসময় বিভাগের সভাপতি রাকিব আহমেদের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূঁইয়া, নিউজ টোয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, চ্যানেল আই এর সম্পাদক(অনলাইন) জাহিদ নেওয়াজ খান, বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক ও বিভাগের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা৷

সূচনা বক্তব্যকালে সাংবাদিকতায় ডিজিটালাইজেশনের ওপর প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।

আগামীতে গণমাধ্যমের ডিজিটাল ট্রান্সফরমেশনে বড় ধরনের পরিবর্তন হতে পারে উল্লেখ করে চ্যানেল আই’র সম্পাদক(অনলাইন) জাহিদ নেওয়াজ বলেন, আজ থেকে কয়েক বছর পর মানুষের যে বিবর্তন ঘটছে তাতে হয়তো মোবাইল ফোনের মতো প্রযুক্তি থাকবে না, তখন হয়তো আরো অত্যাধুনিক প্রযুক্তি আসবে৷ তখন নিউজ কনজিউমারদের ধরনও বদলে যাবে। আগামীর ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে বড় ধরনের পরিবর্তন হতে পারে।

যেমন বর্তমানে অধিকাংশ মানুষ আর পত্রিকা পড়ে না, এমনকি নিউজের অনলাইন ভার্সনেও অনেকে ভিজিট করছে না, বেশিরভাগ এখন ফেসবুকের মাধ্যমে সংবাদ জানতে পারছে। তাই এক্ষেত্রে সুবিধা থাকলেও এখানে চ্যালেঞ্জ অনেক। সাংবাদিকদের প্রযুক্তি জানা যেমন দরকার তেমনি সুসাংবাদিকতা করাও দরকার। এমনটা করতে পারলেই সাংবাদিকরা ডিজিটাল ট্রান্সফরমেশনের সদ্ব্যবহার করতে পারবে।

ডিজিটালাইজশনের ফলে গণমাধ্যমের মধ্যে তাৎক্ষণিক সংবাদ প্রচার যেমন বৃদ্ধি পাবে, তেমনি প্রতিযোগিতাও বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন নিউজ টুয়েন্টি ফোরের নির্বাহী সম্পাদক রাহুল রাহা। তিনি বলেন, ‘আমরা যখন শুরুর দিকে সাংবাদিকতা করতাম তখন সারা দিন নিউজ সংগ্রহ করে সন্ধ্যার দিকে অফিসে পাঠিয়ে দিতাম। এবং এনালগ ফোনের মাধ্যমে চলমান ঘটনার আপডেট দিতাম, এরপরে আমরা ক্যাবলের মাধ্যমে লাইভ করা শুরু করি। ক্যাবল জগত থেকে বের হয়ে এখন ইন্টারনেটের মাধ্যমে আমরা লাইভ করা শুরু করলাম যার ফলে তাৎক্ষণিকভাবে সংবাদ প্রকাশ করা সম্ভব হয়।

এই সবকিছুই ডিজিটালাইজেশনের ফলে হয়েছে৷ ডিজিটাইলেজশনের কারণে আমরা এখন সময়ের নিউজ সময়ে প্রকাশ করতে পারি। যার ফলে চারদিকে প্রতিযোগিতা বেড়ে গেছে। এই ধারা চলমান থাকলে অদূর ভবিষ্যতে গণমাধ্যম কেন্দ্রিক প্রতিযোগিতা আরো বৃদ্ধি পাবে।’

সেমিনার শেষে অতিথিদের সাথে কেক কেটে বিভাগের এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষ্যে ৫ মাস ব্যাপী বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নবীনতম বিভাগ হিসেবে ২০১১ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু হয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের। সে হিসেবে আগামী ২১ ডিসেম্বর বিভাগটি এক যুগে পদার্পণ করবে।

এক যুগ পূর্তি উপলক্ষ্যে ৫ মাস ব্যাপী বিভিন্ন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে৷ আজ ছিল বিভাগের এক যুগ পূর্তি উপলক্ষ্যে প্রথম অনুষ্ঠান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ