আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

সকালে উচ্ছেদ বিকালে ফের দখল করেছে কোহেলিয়া নদীর প্যারাবন

আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে পেকুয়া উপজেলার উজানটিয়া ডউয়াখালীর পশ্চিমে খরিয়ার দিয়া মৌজায় প্যারাবন কেটে অবৈধ ভাবে কোহেলিয়া নদীর চর দখল করে নির্মাণ করা হচ্ছে চিংড়ী ঘের।

অভিযোগ উঠেছে পেকুয়া উপজেলার ছনুয়া রেঞ্জের উজানটিয়া বিট কর্মকর্তা এবং মাতারবাড়ী বিট কর্মকর্তা মিলে মাসোহারা নেওয়ার কারণে সরকারী বনের বাইন গাছ নিধন করে চিংড়ি ঘের নিমার্ণ করার প্রতিযোগিতায় নেমেছে ।

জানাগেছে, মগনামা ইউনিয়ের ছনুয়া রেঞ্জের আওতাধীন উজানটিয়া বনবিটের অধীনস্থ মহেশখালী- মাতারবাড়ীর উত্তর পুর্ব পাশে সৃজিত প্যারাবনের বড় বড় বাইন গাছ কেটে চলছে চিংড়ী ঘের নির্মাণের হিড়িক । নদী চর দখরকারীরা প্রথমে ছোট ছোট বাঁধ দিয়ে ঘের নির্মাণ করে। নদীর চরে থাকা প্রচুর বাইন গাছ কেটে উজাড় করে নির্মাণ করা হচ্ছে এসব চিংড়ী ঘের ।

প্যারাবনটি মাতারবাড়ী বন বিট অফিসের মাত্র ২’শ গজের মধ্যে থাকলেও নজরদারী নেই বন কর্মকর্তার । মাঝে মাঝে চলে উপকূলীয় বন বিভাগের লোক দেখানো অভিযান । তবুও থেমে নেই ভুমিদস্যু আব্বাছ গংদের দখল বাণিজ্য ।

গত ২৪ জুলাই বন বিভাগ অভিযানে গিয়ে শুধু মাত্র একটি অংশের বাঁধ কেটে দিয়ে ফটো সেশন করে চলে আসে বন কর্মীরা । সকালে বাঁধ কেটে দিয়ে চলে আসলে বিকালে ভুমিদস্যু আব্বাছ গং অস্ত্রসহ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে ফের বাঁধ নির্মাণ করে দখলে নেয় প্যারাবন ।

অভিযোগ উঠেছে, স্থানীয় বিট কর্মকর্তারা নদী চর দখলকারীর কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে এসব দেখেও যেন না দেখার ভান করেন । উপকূলীয় বন কর্মকর্তাদের যোগসাজশেই দখল করেছে নদীর চর আর নির্বিচারে কাটা হচ্ছে প্যারাবন ।

স্থানীয়দের অভিযোগ , উজানটিয়া ও মাতারবাড়ী বিট কর্মকর্তাদের যোগসাজশে কোহেলিয়া নদীর চর দখল করে এবং প্যারাবন নিধন করে নির্মাণ করা হচ্ছে চিংড়ী ঘের । ভুমিদস্যুরা প্যারাবন কেটে সেখানে তারা ছোট টংঘর তৈরি করে অবৈধ অস্ত্র নিয়ে পাহারা দেয় বলেও জানান স্থানীয়রা ।

কোহেলিয়া নদীর চর দখলকারী মাতারবাড়ী খন্দারবিল পুর্ব পাড়ার আব্বাছ উদ্দিনের নেতৃত্বে স্থানীয় মাতারবাড়ীর ৭/৮ জনের একটি ভূমিদস্যু সিন্ডিকেট কোহেলিয়া নদীর প্রায় দুই শত একর প্যারাবন দখল করে চিংড়ী ঘের তৈরি করেছে ।

অভিযুক্ত ভূমিদস্যু আব্বাছ উদ্দিন নদীর চর দখলের বিষয়টি স্বীকার করে বলেন , তিন বছর আগে উপকূলীয় বন বিভাগ কর্তৃক সৃজিত বাইন গাছ পাহারা দেওয়ার জন্য দখল করে রেখেছে এ বিশাল প্যারাবনটি । আব্বাছ জানান আমি ছনুয়া রেঞ্জ এবং মাতারবাড়ী বিট কর্মকর্তাদের অনুমতি নিয়ে বাঁধ নির্মাণ করেছি ।

প্যারাবন দখল করার দায়ে তার বিরুদ্ধে একটি বন মামলাও রয়েছে । বন মামলা থাকা সত্বেও কি ভাবে দীর্ঘদির ধরে প্যারাবন কেটে অবৈধ ভাবে নদীর চর দখল করতে পারে এমনটি প্রশ্ন সাধারণ জনগনের । মাতারবাড়ী বিট কর্মকর্তা কুদ্দুছের কাছে জানতে চাইলে তিনি বলেন , প্যারাবনটি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ছনুয়া রেঞ্জের আওতাধীন হওয়ায় দেখভালের দায়িত্বটি তাদের ।

এটি ছনুয়া রেঞ্জ কর্মকর্তারা দেখাশুনা করেন । মাতারবাড়ী বিট অফিসের মাত্র ২’শত গজের মধ্যে প্যারাবনটি দখলে নিচ্ছে আপনি একজন বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পড়েনা এমনটি প্রশ্ন করা হলে তিনি সরাসরি বিষয়টি এড়িয়ে যান ।

বাঁধ নির্মাণ এবং প্যারাবন পাহারা দেয়ার জন্য কাউকে অনুমতি দেয়া হয়নি । মাতারবাড়ী বিট কর্মকর্তা কুদ্দুছ জানান , গত ২৪ জুলাই ছনুয়া রেঞ্জের বিট কর্মকর্তা আবুল মনজুরের নেতৃত্ব উক্ত প্যারাবনে অভিযান পরিচালনা করে বাঁধ কেটে দিয়ে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে । একই সাথে প্যারাবন ও নদীর চর অবৈধভাবে দখল কারীর বিরুদ্ধে ছনুয়া রেঞ্জ অফিস মামলার প্রস্তুতি নিয়েছেন বলেও জানান তিনি ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ