মহেশখালী প্রতিনিধি:
বাংলাদেশের জাতীয় পশু বাঘকে বাঁচাতে হলে সুন্দরবনকে রক্ষা করতে হবে । কারন বাঘের অভয়ারণ্য হচ্ছে সুন্দরবন। নানাবিধ কারণে বাংলাদেশের ফুসফুস নামে খ্যাত সুন্দরবন এখন হুমকির মুখে। এতে মহা সংকটে পড়েছে বাংলাদেশের জাতীয় পশু বাঘ। তাই এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে।
ফলে বাঘকে বাঁচাতে হলে পরিবেশকেও বাঁচাতে হবে । ২৯ জুলাই ২০২৩ (শনিবার) বিকাল ৫টার সময় কক্সবাজারের মহেশখালী উপজেলার ইউনুছখালী বাজারে কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির কার্যালয়ে ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পরিবেশ প্রাণ-প্রকৃতি সুরক্ষা পরিষদ মহেশখালী এর আয়োজনে সুন্দরবন বাঁচাও , বাঘ বাঁচাও “শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা সঞ্চালনা ও বাঘ এবং সুন্দরবনের বর্ণনা দিয়ে বক্তব্য রাখেন বাপা মহেশখালী শাখার সাধারণ সম্পাদক এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ এর ভলান্টিয়ার আবু বক্কর ছিদ্দিক ।
কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিশ্ব বাঘ দিবসের আলোচনা সভা শুরু হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলার সিনিয়র মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম , বক্তব্য রাখেন পরিবেশকর্মী মাহাবুব আলম হান্নান , মাওলানা সাহাব উদ্দিন , কোহেলিয়া মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের সহ বিভিন্ন পেশার লোকজন উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন , বাঘকে বাঁচাতে হলে সুন্দরবন এবং এবনের পরিবেশকেও টিকিয়ে রাখতে হবে । বক্তারা আরও বলেন আমাদের মহেশখালীর পাহাড়ে খাদ্য সংকটের কারনে বন্যপ্রাণী গুলো এখন লোকালয়ে চলে এসেছে । প্রতিনিয়ত বিভিন্ন ভাবে বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে , একারনে দিনদিন বনের প্রাণী গুলো বিলুপ্ত হচ্ছে ।
বন্যপ্রাণীদের আবাসস্থল যাতে ধ্বংস না করা হয় এব্যাপারে আগে আমাদেরকে সজাগ থাকতে হবে , একই সাথে বনের আশেপাশের লোকজনকে সচেতনতামুলক বার্তা পৌছাতে হবে । বনের হরিণসহ অন্যান্য বন্যপ্রাণীদের যাতে কেউ শিকার না করতে পারে, সে ব্যবস্থা করতে হবে ।
সুন্দরবনে মানুষের অবাধ যাতায়াত বন্ধ করা খুবই প্রয়োজন । এসব ব্যবস্থা নিতে পারলে বাঘ নির্বিঘ্নে জীবন যাপন করতে পারবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল এবং সততার সাথে কাজ করতে হবে । সুন্দরবনসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের বন ও বন্যপ্রাণী রক্ষায় ব্যাপক প্রচার প্রচারনা চালাতে হবে বলে জানান বক্তাগন ।