জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন শিক্ষা শাখায় কর্মরত ডেপুটি রেজিস্ট্রার মো.আবু হাসান। আগামী ৬ মাসের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংশোধিত অফিস আদেশে এতথ্য জানানো হয়।।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ৫ জুলাই শেষ হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এ্যাক্ট এর ১২(৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসানকে ৬ জুলাই পূর্বাহ্ন হতে ছয় মাসের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব প্রদান করা হলো। তিনি প্রচলিত নিয়মে দায়িত্ব ভাতা ও অফিস প্রধানের অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য, আবু হাসান ১ জুন ১৯৬২ সালে পাবনার ফরিদপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে পর্যন্ত টাঙ্গাইলের একটি কলেজে শিক্ষকতা করতেন তিনি।
তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনে যোগ দেন। ২০০৯ সালের জানুয়ারি তিনি উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান।