আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

৪০ হাজার টাকার বিনিময়ে জাবিতে প্রক্সি দিতে গিয়ে ধরা জবি শিক্ষার্থী

জাবি প্রতিনিধি :

৪০ হাজার টাকার বিনিময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে অংশ নেওয়ার (প্রক্সি) অভিযোগে মোস্তাফিজুর রহমান শাকিল নামের এক ছাত্রকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটক মোস্তাফিজুর রহমান শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল প্রক্সির বিষয়টি স্বীকার করেছেন।

সোমবার (১৯ জুন) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতকের প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালীন বিজনেস অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে সন্দেহ করে তাকে আটক করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বিষয়টি জানিয়েছেন।

শাকিল বলেন, ‘জামালপুরের হাসানুজ্জামানের সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে চুক্তি হয়েছে। মাহির হয়ে আমাকে প্রক্সি দিতে হবে। মোট চারটি ইউনিটে মাহির হয়ে প্রক্সি দিয়ে যেকোনো একটিতে চান্স পেলেই আমাকে টাকা দেওয়া হবে। সে অনুযায়ী গতকাল অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়েছি।’

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘পরীক্ষার কক্ষে দায়িত্বরত শিক্ষকের সন্দেহ হলে শাকিলকে প্রক্টর অফিসে ডেকে আনা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সির সঙ্গে জড়িত থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। আমরা বিকালে ভ্রাম্যমাণ আদালতকে ডেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে শাকিল ও মাহির নামে মামলা করা হবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ