জাবি প্রতিনিধি : হাবিবুর রহমান সাগর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে সোহেল রানা নামে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক হওয়া সোহেল নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহী জেলার বাগমারা উপজেলায়। তার পিতার নাম সোহাগ আলী এবং মাতার নাম আমেনা বেগম।
আজ সোমবার (১৯ জুন) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ৩য় শিফট চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের ৪০১ নাম্বার কক্ষ থেকে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস জানায়, নাজমুল হক নামে এক ভর্তিচ্ছুকের হয়ে প্রক্সি দিতে আসেন সোহেল। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন তিনি। পরবর্তীতে প্রক্সি দেওয়ার তথ্য স্বীকার করেন সোহেল।
আটককৃত সোহেল গতকাল(১৮ জুন) অনুষ্ঠিত ‘সি’ ইউনিটে ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহন করেছে৷ পরে তার উত্তরপত্র বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি৷
আটক সোহেল বলেন, নাজমুল হক তার ফুফাতো ভাই। ৩০ হাজার টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘সি’ ইউনিটের ৩য় শিফটের পরীক্ষার সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পরীক্ষায় জালিয়াতির কথা স্বীকার করেন। তিনি এখন আমাদের জিম্মায় আছেন, বিশ্ববিদ্যালয় নিযুক্ত ভ্রাম্যমাণ আদালত তার ব্যাপারে শীঘ্রই সিদ্ধান্ত নেবে।’